বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত।
দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে হাইকমিশনের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়া ঐতিহাসিক ৭ নভেম্বরের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় হাইকমিশনার ৭ নভেম্বরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন। দিবসটির চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে সমৃদ্ধ, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
হাইকমিশনার ‘সবার আগে বাংলাদেশ’ নীতি সমুন্নত রেখে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এর মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।