আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কেন্দ্রীয় ১৪ দল একটি অসাম্প্রদায়িক জোট। এই জোটের ঐক্য অটুট আছে, ভবিষ্যতেও অটুট থাকবে। যতদিন আমরা বাংলাদেশকে অসাম্প্রদায়িক হিসাবে গড়ে তুলতে না পারবো, ততদিন আমাদের এই জোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। প্রয়োজনে ১৪ দলীয় জোটকে আরও সম্প্রসারণ করা হবে।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াত জোটের গুপ্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত মানববন্ধন কর্মসূচি সফল করতে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। আগামী ১৯ জুন রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিকেল ৩ টা থেকে ৪ পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
অারও পড়তে পারেন: এবার শুধু জঙ্গিদের হিসাব, পঞ্চম দিনে গ্রেফতার ২১
নাসিম বলেন, যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলায় মানুষ নিহত হলে বিএনপি নেত্রী খালেদা জিয়া শোক জানান, নিন্দা প্রকাশ করেন। কিন্তু নিজ দেশে নিরীহ মানুষ হত্যা করা হলে নীরব থাকেন। এটা কোন ধরনের রাজনীতি তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আসলে খালেদা জিয়া দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাই এখানে নিন্দা না জানিয়ে সরকারকে দোষারোপ করেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্ত হত্যার প্রতিবাদে দেশের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধভাবে জেগে ওঠার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, নগর আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান, ডা. দিলীপ কুমার রায়, আব্দুল হক সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় ১৪ দলের মধ্য কোনও অনৈক্য নেই দাবী করে মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। ১৪ দল ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকবেলা করবে।
গুপ্ত হত্যা বন্ধ করতে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি গুপ্ত হত্যা বন্ধ করুন, তা না হলে দেশের মানুষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, জঙ্গিদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ শুরু হয়েছে তা থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আরও পড়তে পারেন: রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা হয়নি
পিএইচসি/ এমএসএম/







