অনেক প্রতিকূলতা অতিক্রম করে শেখ হাসিনা দৃঢ় মনোবল নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘‘ফিদেল কেস্ত্রো যেমন জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি;’ ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখলে বিশ্বনেতারা আজ নেতৃত্বের ক্যাপ্টেনকে খুঁজে পান।’’ শোকাবহ আগস্ট উপলক্ষে মাশব্যপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে যুবলীগ আয়োজিত সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যুব সমাজের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে এদেশের যুব সমাজ হাসতে হাসতে জীবন দিয়ে গেছে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘যখন শেখ হাসিনার পরিবারের সঙ্গে অন্য পরিবারের তুলনা করা হয়, আমি তখন হতাশ হই। এখানে তুলনা হয় কিভাবে?’
শেখ মুজিবুর রহমানকে আকাশের সঙ্গে তুলনা করে মতিয়া চৌধুরী বলেন, ‘আকাশের পুরো ছায়া ধারণ করার ক্ষমতা সমুদ্রের নেই। শেখ মুজিবুর রহমানের বিশালতা আকাশের মতোই বিস্তর। এই ছায়া আমরা জনসমুদ্র হয়ে ধারণ করতে পারি না। শুধু বিশালতার দিকে তাকিয়ে অনুভব করতে পারি।’
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগম প্রমুখ।
প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
/পিএইচসি/এমএনএইচ/







