আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর পাকিস্তানের ধ্যান-ধারণায় দেশ পরিচালিত হয়েছিল। তিনি বলেন, ‘আজ যদি বঙ্গবন্ধু এবং শেখ মনি ভাই বেঁচে থাকতেন, তাহলে অনেক আগেই দেশ উন্নত হয়ে যেত। কিন্তু স্বাধীনতাবিরোধী ও অতি বিপ্লবীরা পরিচালনা করায় দেশ আজ ৫০ বছর পিছিয়ে গেছে। তারা দুজন একসঙ্গে ঘরে এবং বাইরের শত্রুর বিরুদ্ধে কাজ করতে পারলে দেশ অনেক আগেই উন্নত হতো।’
সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর কলাবাগান মাঠে শেখ ফজলুল হক মনির ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, ‘অতিবিপ্লবীরা এখনও ষড়যন্ত্র করছে। পাকিস্তানি ধ্যান-ধারণা ভাঙতে অনেক সময় লাগবে। শেখ হাসিনা ক্ষমতায় আসায় কিছুটা ভাঙতে পেরেছেন। এখনও ষড়যন্ত্রকাকারীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’ জিয়াউর রহমানের সমালোচনা করে শেখ মনির ছোট ভাই শেখ সেলিম বলেন, ‘বিশ্বের কোথাও স্বাধীনতাবিরোধীরা রাজনীতি করতে পারে না। কিভাবে সাড়ে তিন বছরের মধ্যে জিয়াউর রহমান তাদের রাজনীতিতে ফিরিয়ে আনলো, ক্ষমতায় আনলো, তা ভাবতে অবাক লাগে। গণতন্ত্রকে ধ্বংস করে পাকিস্তানের ধ্যান-ধারণায় দেশে কিভাবে জিয়াউর রহমান নীল নকশা করেছিল, তা ভাবতে অবাক লাগে।’
বিএনপির সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ও মনি ভাইকে যদি ভালোবাসেন তাহলে স্বাধানতাকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে, স্বাধীনতাবিরোধীরা যাতে ক্ষমতায় না বসতে পারে, সেজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সবাইকে বুঝাতে হবে যে, দেশটাকে কিভাবে তারা (বিএনপি) পিছিয়ে দিয়েছে। কিভাবে টাকা পাচার করেছে। কিভাবে স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করতে দিয়েছে। আমার বাংলা হবে সুন্দর স্বপ্নের নীড়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। তা করতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘শেখ মনি ছিলেন বঙ্গবন্ধুর মতো সাহসী। শেখ মনি তার লক্ষ্যে অটল ছিলেন। খুনিরা যদি সেদিন শেখ মনিকে হত্যা না করতো, তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারতো না। সেজন্য প্রথমে শেখ মনিকে হত্যা করে।’
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর করিব নানক বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘তারেক যদি দেশের জন্য কাজ করে, তাহলে তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা হলো কেন? তারেক দেশের অর্থ লুট করে লন্ডনে নিয়ে গিয়ে রাজার মতো জীবন যাপন করছে। সেখান থেকে হুকুম দিচ্ছে মানুষকে পোড়ানোর জন্য। এটা দেশের ছাত্রসমাজ কখনও মেনে নেবে না। বিএনপি -জামায়াত ক্ষমতায় আসলে দেশ পাকিস্তান-আফগানিস্তানে পরিণত হবে।’ এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান করেন।
শেখ মনির ছেলে ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।








