খালেদা জিয়ার চিকিৎসা, কারা কর্তৃপক্ষের প্রস্তুতি শুরু

আদিত্য রিমন ও রাফসান জানি
০৫ অক্টোবর ২০১৮, ১৮:২২আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ২৩:০২

খালেদা জিয়া (ফাইল ফটো) হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে প্রস্তুতি শুরু করেছেন কারাগার কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কারা কর্তৃপক্ষ ও খালেদা জিয়ার আইনজীবীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য তিনটি নির্দেশনা দেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এক আদেশ দেন।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের নির্দেশনা কারাগারে পৌঁছে দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আদালতের নির্দেশনাসহ চিঠি পেয়েছি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে চিঠিটি এসে পৌঁছেছে। এখন আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো। আদালতের নির্দেশে যেভাবে বলা আছে, সেভাবেই খুব দ্রুত কাজটি শেষ করা হবে।’

এদিকে, আদালতের নির্দেশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও খালেদা জিয়ার চিকিৎসায় কোনও ব্যবস্থা গ্রহণ না হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের সর্বস্তরের নেতাকর্মীরা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠিত। আমরা চাই দ্রুততার সঙ্গে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হোক।’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. আবদুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ম্যাডামের চোখের চিকিৎসা করে আসছি। ব্যক্তিগত চিকিৎসক দিয়ে ম্যাডামের চিকিৎসা করানোর জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষ কিংবা বিএনপির পক্ষ থেকে আমার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শুনেছি কারা কর্তৃপক্ষ ম্যাডামের চিকিৎসার বিষয়ে প্রস্তুতি শুরু করেছে।’

খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাদের এখনও কিছু জানায়নি। তবে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি।’

ঠিক কখন খালেদা জিয়াকে হাসপাতালে আনা হবে, এ নিয়ে কারা কর্তৃপক্ষ কোনও তথ্য দিতে অপারগ। সিনিয়র জেল সুপার ইকবাল কবির বলেন, ‘বিএনপির চেয়ারপারসনকে কখন নেওয়া হচ্ছে, এটা এখনই বলা যাবে না।’

এর আগে বৃহস্পতিবার আদালতের তিন নির্দেশনায় বলা হয়— ১. জেল কর্তৃপক্ষ, সরকার বা মেডিক্যাল বোর্ড খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অনতিবিলম্বে ভর্তি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ২. এর আগে সরকার যে মেডিক্যাল বোর্ড গঠন করেছিল, সেই মেডিক্যাল বোর্ডে দুইজন ডাক্তারকে (ডা. আব্দুল জলিল চৌধুরী ও ডা. বদরুন্নেসা আহমেদ) রেখে এই বোর্ডটি পুনর্গঠন করতে হবে। এরপর এই বোর্ডে নতুন তিন জন চিকিৎসককে সংযুক্ত করতে হবে, যারা স্বাচিপ বা ড্যাবের কোনও সদস্য বা কর্মকর্তা হবেন না। ৩. ফিজিওথেরাপিস্ট বা গায়নোকোলজিস্ট বা মেডিক্যাল টেকনিশিয়ান খালেদা জিয়ার পছন্দ মতো এই বোর্ডের সুপারভিশনে কাজ করতে পারবেন। আর খালেদা জিয়া যদি মনে করেন, অন্য কোনও চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করাবেন, সেক্ষেত্রে মেডিক্যাল বোর্ডের অনুমতি সাপেক্ষে তিনি চিকিৎসা করাতে পারবেন।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার জন্য নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে একটি রিট করা হয়। ওই দিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেন। তারা খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী রাজধানীর কোনও বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা করানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। এরপরই খালেদা জিয়ার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর ১৩ সেপ্টেম্বর পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরীকে বোর্ডের প্রধান করে গঠন করা বোর্ডের অন্য সদস্যরা হলেন, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বীরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত এই মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা ১৫ সেপ্টেম্বর বিকালে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরনো কারাগারের দোতলার কারাকক্ষে গিয়ে ২০ মিনিট ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরদিন ১৬ সেপ্টেম্বর সেই পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন প্রকাশ করে বিএসএমএমইউ। তবে এ বোর্ডের গ্রহণযোগ্যতা নিয়ে বিএনপি থেকে বারবার প্রশ্ন তোলা হয়। বিএনপির দাবি, মেডিক্যাল বোর্ডের সব চিকিৎসক আওয়ামীপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য, তাই তাদের দিয়ে খালেদা জিয়ার চিকিৎসায় শঙ্কা ও আপত্তি রয়েছে।

বন্দি অবস্থায় খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য এর আগেও একবার মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। ওই সময়েও স্বাস্থ্য পরীক্ষার পর মেডিক্যাল বোর্ড বলেছিল, খালেদা জিয়ার অবস্থা গুরুতর নয়। তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষা করতে ৭ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে এ বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আরও পড়ুন:
খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে হাইকোর্টের তিন নির্দেশনা

 

 

 

 

 

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের