নির্বাচনের নামে প্রহসন ও তামাশার মধ্য দিয়ে সুপরিকল্পিতভাবে দখলদারি সরকার গঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জনগণ ভোট দিতে পারেনি। ফলে যারা পার্লামেন্ট গঠন করেছেন, তাদের আমরা নির্বাচিত প্রতিনিধি মনে করি না।’
বুধবার (২৯ মে) বাংলাদেশ কল্যাণ পার্টির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি, ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট, সম্মিলিত বিরোধী শক্তি কখনোই বর্তমান সরকারকে বৈধ সরকার হিসেবে স্বীকার করে না।’
দলের সংকটকালের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আজ আমাদের অনেকেই হতাশায় ভুগছেন। আমি মনে করি, হতাশ হওয়ার কোনও কারণ নেই। হতাশা আমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেবে না।’
মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে বলে দাবি করে তিনি আরও বলেন, ‘তাকে জামিন না দিয়ে আটকে রাখা হয়েছে। গত এক দশকে আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে বিরোধীদলকে নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পনা মতো কাজ করেছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, গ্রেফতার করেছে, গুম করেছে, খুন করেছে।’
সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই অবস্থা থেকে মুক্তি ও পরিত্রাণ পেতে চাই। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই অবস্থার অবসান চাই।’
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব আমিনুর রহমান, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।








