মাদকবিরোধী আইনের নামে মাদককে প্রশ্রয় দিলে দেশ ধ্বংসের অতল গহবরে তলিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, ধর্মীয় আচার মেনে চললে দেশে মাদক ও সন্ত্রাস হ্রাস পেয়ে ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে।
শনিবার বিকেলে পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত "মাদক, সন্ত্রাস, উগ্রবাদের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান বাংলাদেশের মাদক চোরাচালান এবং ব্যবসা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বাংলাদেশকে মাদক চোরাচালানের রুট হিসেবে চিহ্নিত করা হয়। দক্ষিণ এশিয়া বা এশিয়ার বাজারে বিভিন্ন ধরনের মাদক নিয়ে যাওয়ার জন্য নিরাপদ রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে। এ অঞ্চলের বন্দরগুলোর দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণেই চোরাচালানের রুট হিসেবে এ পথ পাচারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। সুতরাং সরকারকে এখনই সচেতন হতে হবে অন্যথায় বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও ক্ষুণ্ন হবে।
যুব আন্দোলনের নগর সভাপতি মুফতী মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, নগর দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, ফজলুল হক মৃধা, যুব আন্দোলনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, প্রমুখ।







