আগামী ১৮ মে রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেদ খান মেননের ৮০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক প্রস্তুতি সভার আয়োজন করে ‘আশিতে জনতার মেনন’ উদযাপন কমিটি।
সভায় ‘৮০তে জনতার মেনন’ উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়।
সেখানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘বেশ কিছুদিন আগে মেনন ভাই আমাকে ফোন করেছিল। তিনি বলেছিল বঙ্গবন্ধুর চার নীতি নিয়ে বক্তৃতা করবেন। তখন আমি একটু আশ্চর্য হলাম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে তার কোন প্রাসঙ্গিকতা নেই। যদিও ১৫ তম সংশোধনীতে চারটি রাষ্ট্রীয় নীতি তুলে ধরা হয়েছে। অথচ দেশে ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা সমান তালে চলছে। দেশে উপরন্ত সমাজতন্ত্র আছে। কিন্তু বর্তমানে দেশে চলছে নগ্ন পুঁজিবাদ। সে জন্য এই দেশকে এক অদ্ভুত দেশ মনে হয় আমার। ফলে এমন দেশে রাজনীতি করার চারটি খানি কথা নয়। সেখানে মেনন ভাই রাজনীতি করছেন মানুষের কথা বলছেন।’
সভার সভাপতিত্ব করেন মামুনুর রশীদ। সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির সদস্য মোস্তফা আলমগীর রতন।









