বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিরোধীদের ন্যায্য দাবি উপেক্ষা করে এবং রাজনৈতিক বিরোধীদের সম্পর্কে পরিকল্পিত ঘৃণা আর বিদ্বেষ ছড়িয়ে সরকার দেশকে অনিবার্য সংঘাত-সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে। আরেকটি একতরফা জ্বালিয়াতির নির্বাচনের পাঁয়তারা দেশের মানুষ বরদাস্ত করবে না।
রবিবার (১৩ আগস্ট) পার্টির রাজনৈতিক পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, সরকারি দলের সাধারণ সম্পাদক গতকাল এক সমাবেশে ‘বিরোধীদের কোনও দাবি মানা হবে না’- এই মর্মে যে বক্তব্য দিয়েছেন তা একদিকে চরম দম্ভ আর জেদের বহিঃপ্রকাশ, আর অন্যদিকে সংঘাত-সংঘর্ষকে ডেকে আনার শামিল।
তিনি বলেন, গতকাল দলীয় সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও সরকার প্রধান তার রাজনৈতিক বিরোধীদের সম্পর্কে যেসব বিদ্বেষপ্রসুত বাক্য উচ্চারণ করেছেন তা তার সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাদের এসব বক্তৃতা-বিবৃতি গোটা পরিস্থিতিকে মীমাংসাহীন বৈরিতায় পর্যবসিত করছে।
সভায় আরও বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক।
সভায় ডেঙ্গু মোকাবিলায় সরকারি ব্যর্থতায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয় সরকারের চরম দায়িত্বহীনতার কারণে প্রতিদিন ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে।









