ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের নারী প্রার্থীদের নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা কুরুচিপূর্ণ মন্তব্য করছেন বলে অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রমাণ দিতে সংবাদ সম্মেলন করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এসব কুরুচিপূর্ণ মন্তব্যের ‘প্রমাণ’ তুলে ধরেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী এস এম ফরহাদ।
তিনি বলেন, “৫ আগস্টের পর ছাত্রদলের প্রমাণিত ধর্ষণের কেস ৪৪টি। এই ঘটনাগুলো যখন সামনে আসে; তখন সেগুলো চাপা দিতে শিবিরের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হুমকির বানোয়াট ইস্যু সামনে আনা হয়েছে। আজ ছাত্রদল মিছিল করেছে এবং সেখানে স্লোগান দিয়েছে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’। সেই ভিডিও তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়েছে।”
এ সময় তিনি ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি’সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের করা কমেন্টের স্ক্রিনশট তুলে ধরেন।
এস এম ফরহাদ বলেন, “আমাদের নারী প্রার্থীদের নিয়ে অনবরত একটি সংগঠনের নেতাকর্মীরা বাজে মন্তব্য করে যাচ্ছে। মানসুরা আলম, যিনি আজ ভালো বক্তব্য দিয়েছেন। তাদের নেতাকর্মীদের যে ৪৪টা ধর্ষণের কেস আছে, সেটা তিনি ভুলে গেছেন। তিনি আমার বোনকে নিয়ে কমেন্ট করেছেন ‘সেবাদাসী’। ছাত্রদলের আরেকজন নেতা আমাদের নারী প্রার্থী জুমাকে নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।”
তিনি আরও বলেন, “আমার কাছে এমন পাঁচ শতাধিক স্ক্রিনশট প্রিন্ট করা আছে। এগুলো মুখে উচ্চারণ করার মতো না। আমাদের নারী প্রার্থীদের নিয়ে বাজে ভিডিও তৈরি করা হচ্ছে। সেগুলো ইনবক্সে পাঠিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।”
সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের বেশ কয়েকজন প্রার্থী উপস্থিত ছিলেন।









