দেশকে অস্থিতিশীল করে তোলার চক্রান্তে শুরু হওয়া নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সব জেলা, উপজেলা ও পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করবে কেন্দ্রীয় ১৪ দল। শুক্রবার (০৬ মে) রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত যৌথসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান।
আগামী রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশকে সফল করার লক্ষ্যে এই যৌথ সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল মাঠে ছিল, মাঠে থাকবে। নাশকতা যারা করতে চেয়েছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনে ঢাকা শহরের পাড়া-মহল্লায় আমরা সমাবেশ করব। ১৪ দলের নেতৃত্বে প্রতিরোধ কমিটি গড়ে তুলব। সব নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
প্রধামন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়কে নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, জয়ের বিরুদ্ধে তিনি যে মিথ্যা অভিযোগ করেছেন, তা তাকে প্রমাণ করতে হবে। সাহস থাকলে আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন করার উদ্দেশ্যেই বিএনপি-জামায়ত দেশে ধারাবাহিক হত্যাকাণ্ড চালাচ্ছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ যখন পরিস্থিতি স্থিতিশীল, শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত চক্রান্ত শুরু করেছে। ফলে ধারাবাহিকভাবে কয়েকটি ঘটনা ঘটেছে। উদ্দেশ্য একটাই, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করা।
আরও পড়তে পারেন: আইনি প্রক্রিয়া শেষেই নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র বলেন, যারা নৈরাজ্য করতে ব্যর্থ হয়েছে, তারাই গুপ্ত হত্যার মাধ্যমে একাত্তরের ঘাতকদের বিচার বন্ধ করতে চায়। এই বিচার হচ্ছে, হবে। অতীতে যেমন ১৪ দল সব চক্রান্ত মোকাবিলা করেছে। আজকেও বিএনপি-জামায়াত জোটের যেকোনও চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়েই মোকাবিলা করবে।
আগামী ৮ মে কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশকে সফল করার আহবান জানান নাসিম। রাজধানীর কলাবাগান হত্যার ঘটনায় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক হত্যার ঘটনার প্রতিবাদে এই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আসীম কুমার উকিল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রীপার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নূরুর রহমান সেলিম, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
/পিএইচসি/এমএনএইচ/








