‘বিচারপতিদের নিয়ে মন্তব্য করলে আদালত অবমাননা হয়। তাহলে আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াত যে হরতাল পালন করছে, তা কি আদালত অবমাননা নয়?’ এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত নিজামীর ফাঁসির রায় অবিলম্বে কার্যকর ও জামায়াতের অবৈধ হরতালের প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি এ প্রশ্ন তোলেন।
সাবেক এই বন ও পরিবেশমন্ত্রী বলেন, ‘বিচারক নিয়ে কথা বলায় মন্ত্রী ও এমপিদের আদালতে তলব করা হয়। তাহলে যারা হরতাল ডাকে তাদেরও আদালতে তলব করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।’
আজকে দেশে যে হরতাল হচ্ছে তা বোঝার কোনও উপায় নেই উল্লেখ করে হাছান বলেন, ‘গতকালকে দেশের কিছু গণমাধ্যমে জামায়াতের হরতালের খবর না প্রকাশ করলে, দেশের মানুষ জানতই না আজ হরতাল।’
বিএনপির নেত্রী খালেদা জিয়ার আশ্রয়ে বিদেশি, ইমাম, পাদ্রী ও ব্লগার হত্যাসহ নাশকতামূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আগামী ২০১৯ সালের নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না জেনেই আলোচনায় থাকার জন্য প্রধানমন্ত্রীর ছেলে জয়কে নিয়ে নোংরা মিথ্যাচার করছে।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের (একাংশ) সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফালগুনী আহমেদ, মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।
আরও পড়ুন: পাকিস্তানকে নাক না গলানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
এসআইএস/এজে








