দেশে চলমান গুপ্তহত্যার প্রতিবাদে আগামী ১৯ জুন এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত দেশব্যাপী এ মানববন্ধন কর্মসূচি চলবে। শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ তথ্য জানান
বৈঠকের পর ১৪ দলের নেতারা এসপি বাবুল আক্তারের খিলগাঁওয়ের বাসার উদ্দেশে রওনা দেন।
মোহাম্মদ নাসিম বলেন, রমজানের পর গ্রামে-গঞ্জে ১৪ দল টিম করে লাগামহীনভাবে চলা এ সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করা হবে। এছাড়া ১৪ জুন ঝিনাইদহে নিহত পুরোহিতের বাসায় যাবেন ১৪ দলের নেতারা। তিনি বলেন, দেশে চলমান গুপ্তহত্যায় জড়িতদের রক্ষার্থে খালেদা জিয়া ঘোমটা খুলে নেমেছেন। অত্যন্ত নির্মমভাবে গুপ্তহত্যাগুলো ঘটানো হচ্ছে। অশুভ লক্ষ্য অর্জনের জন্যই এ ঘটনাগুলো ঘটানো হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে। আন্তর্জাতিক সম্মেলনগুলোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গুরুত্ব পাচ্ছেন, সৌদি আরবের বিষয়ে অনেক প্রশ্ন ছিল, সে সৌদি আরবও শেখ হাসিনাকে যে মর্যাদা দিয়েছে, তাতে প্রমাণিত হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নতুন দিগন্ত সৃষ্টি করেছে।
মোহাম্মদ নাসিম বলেন, আর দেশ যখন উন্নয়ন ও প্রবৃদ্ধির দিকে এগুচ্ছে, শান্তির দ্বীপে পরিণত হতে যাচ্ছে, তখন সুপরিকল্পিতভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য আরও বলেন, খালেদা বলেছেন আওয়ামী লীগের নেতারা নাকি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এর মাধ্যমে তিনি খুনিদের প্রকাশ্যে প্রটেকশন দিচ্ছেন। তার এ চরিত্র নতুন নয়। এর আগে তিনি ও তার স্বামী মানবতাবিরোধী অপরাধীদের রক্ষা করতে চেয়েছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া নগ্নভাবে ঘোমটা খুলে নিয়েছেন খুনিদের রক্ষা করতে। যারা মারা গেছেন, তাদের পরিবারকে সমবেদনা না জানিয়ে খুনিদের তিনি প্রশ্রয় দিচ্ছেন। এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।
তিনি আরও বলেন, যারা ভাবছেন এসব ঘটনার পর আমরা আপস করব, তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ শেখ হাসিনা আপস করেন না।
একই বিষয়ে বৈঠকের সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ফখরুল সাহেব বলেছেন চিরুনি অভিযানে নাকি তাদের কর্মীদের ধরপাকড় করা হবে। কিন্তু বিএনপি তাদের প্রশ্রয় না দিলে তাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।
আরও পড়তে পারেন: সাঁড়াশি অভিযানে সারাদেশে আটক সহস্রাধিক
/পিএইচসি/এমএনএইচ/







