জাতীয় শোক দিবসে ‘মিথ্যা জন্মদিন’ উদযাপনের নামে কেক না কাটার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট আব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল (এনআইএনএস) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এনআইএনএস শাখা এ আলোচনা সভার আয়োজন করে।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, খলেদা জিয়াকে বলবো আপনি তথাকথিত মিথ্যা জন্মদিনে কেক কাটা বন্ধ করেছেন ভালো কথা; এত বড় শুভবুদ্ধির উদয় হয়েছে আপনার, এ জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।
খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম আরও বলেন, আপনি ১৫ আগস্ট মিথ্যা জন্মদিনে কেক কাটা কেনও বন্ধ করছেন, স্পষ্টভাবে বলেন না কেন? বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখিয়ে শোক দিবসে আমি কেক কাটা বন্ধ করেছি, এই সত্য কথা বলেন। মানুষও আপনাকে ধন্যবাদ জানাবে।
জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, যাদের পিতামাতা নিজের সন্তানের লাশ নিতে চায় না, সন্তানের লাশ আঞ্জুমান মফিদুলে দিয়ে দিতে হয়, এ থেকে বোঝা যায়, জঙ্গিবাদীরা কোনও দিন জয়ী হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআইএনএস শাখা স্বাচিপের সভাপতি ডা. এম এস জহিরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জমান ভূঁইয়া ডাবলু, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, এনআইএনএস-এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া প্রমুখ।
/জেএ/এনএস/এবি/
আরও পড়ুন








