‘বিএনপি এখনও ষড়যন্ত্র ও অপরাজনীতির জাল বিস্তারে ব্যস্ত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২১, ১৪:৩৬আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৪:৩৬

বিএনপির মাথা থেকে ওয়ান ইলেভেন সৃষ্টির ভূত এখনও নামেনি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘শেখ হাসিনা সরকার ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা’— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচারের অপকৌশল ব্যর্থ হয়েছে, তাই নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে নতুন করে কাল্পনিক অভিযোগ তুলছে। তারা এখনও ষড়যন্ত্র ও অপরাজনীতির জাল বিস্তারেই ব্যস্ত। তবে জনগণের প্রত্যক্ষ সমর্থন ছাড়া অন্ধকার চোরাগলি পথে ক্ষমতা দখলের রঙিন খোয়াব আর এ দেশে সফল হবে না।’ 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার (১৩ আগস্ট) গণমাধ্যমে এই বিবৃতি দেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতারা শ্রাবণের শেষপ্রান্তে এসে এখন নতুন করে আষাঢ়ের গল্প শুরু করেছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা বলছে, শেখ হাসিনা সরকার নাকি ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা। ওয়ান ইলেভেন যে বিএনপির কারণেই সৃষ্টি তা দেশের জনগণ ভালো করেই জানে। বিএনপির মাথা থেকে ওয়ান ইলেভেন সৃষ্টির ভূত এখনও নামেনি।’ বিএনপির অন্ধ ক্ষমতালিপ্সা আর অবাধ দুর্নীতির সাম্রাজ্য টিকিয়ে রাখার অপচেষ্টা সেদিন ওয়ান ইলেভেন সৃষ্টির পথ মসৃণ করেছিল বলে তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জনগণ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে অভূতপূর্ব গণরায় দেয়। বিজয়ের মাধ্যমে মহাজোট সরকার গঠন করেছিল। তাই বলবো, ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা নয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার ছিল জনগণের সরকার। বিএনপির অপরাজনীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভোটে নির্বাচিত বর্তমান সরকার।’

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘করোনার শুরু থেকে জনগণের জীবন-জীবিকার সুরক্ষাসহ মানুষের সেবায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরদিকে বিএনপি চিরাচরিতভাবে সরকারের অন্ধ সমালোচনা করছে। সরকারের একটি ভালো কাজও এ পর্যন্ত তাদের চোখে পড়েনি। যেন তাদের চোখে ছানি পড়েছে।  ক্ষমতার লোভে উন্মত্ত হয়ে তাদের স্নায়ুবিক সংবেদনশীলতা লোপ পেয়েছে। জনগণের পাশে না দাঁড়িয়ে তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদগার করেই মাঠে থাকতে চায়। এতে জনগণের মনের মাঠে তারা ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে।’

সমালোচনার নামে ঢালাও মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে বিএনপি অভিযোগ করে কাদের বলেন, ‘তারা ভেবেছিল ভ্যাকসিন সংগ্রহে সরকার ব্যর্থ হবে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অনন্য কূটনৈতিক দক্ষতা এবং মানবিক নেতৃত্বে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো বিএনপির অপকৌশল আবারও ব্যর্থ হওয়ায় গৃহকোণ থেকে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তারা কাল্পনিক অভিযোগ তুলছে।’

কাদের বলেন, ‘নির্লজ্জভাবে মিথ্যা অভিযোগ তোলা বিএনপির নৈমিত্তিক কর্মসূচিতে পরিণত হয়েছে।’

সরকার জনকল্যাণে সবকিছু করতে বদ্ধপরিকর উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘জনগণের প্রতি কমিটমেন্ট পালনে সরকার এবং আওয়ামী লীগ সবসময় সবার্গ্রে ছিল, এখনও আছে, ভষ্যিতেও থাকবে। সময় এলে জনগণই সরকারের কর্মের মূল্যায়ণ করবে।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সরকারি নাকি করোনা ব্যবস্থাপনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। সফল নাকি ব্যর্থ তা দেশের মানুষ দেখছে, কিন্তু আপনারা কী করছেন লিপসার্ভিস ছাড়া? দু’এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে লাখ লাখ মানুষ টিকা নিচ্ছে, অথচ বিএনপি নেতারা তা দেখছে না। তারা চেয়েছিল লাখ লাখ মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে, তারপর তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে।’

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের