আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে ৮১ সদস্যের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অধিকাংশ পদ পূরণ করা হয়েছে। তাতে নতুন মুখ দেখা না গেলেও বিদায়ী কমিটির তিন নেতার পদোন্নতি, প্রেসিডিয়ামের তিন জন এবং সম্পাদকমণ্ডলীর দুই জন গেছেন উপদেষ্টা পরিষদে। পদবদল হওয়া নেতাদের কয়েকজন নতুন কমিটি নিয়ে কথা বলেছেন বাংলা ট্রিবিউনের সঙ্গে।
আওয়ামী লীগের সদ্য বিদায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তিন নেতা নতুন কমিটিতে পদোন্নতি পেয়েছেন। তারা হলেন— নির্বাহী সদস্য থেকে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক থেকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুজিত রায় নন্দী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক থেকে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম আমিন।
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও সুজিত রায় নন্দীকে বারবার মোবাইলে কল করে সাড়া না পেলেও বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন আমিনুল ইসলাম আমিন। তিনি বলেন, ‘বেশ ভালো কমিটি হয়েছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, নেত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন, সে আস্থার মর্যাদা রাখার জন্য। নিজের মূল্যায়ন তো নিজে করা যায় না, এটি করবেন নেতাকর্মীরা, শুভাকাঙ্ক্ষিরা, সমালোচকরা।’
আগের কমিটির প্রেসিডিয়াম সদস্য থেকে এবার উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে রমেশচন্দ্র সেন, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মান্নান খান, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ এবং শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে। তাদের মধ্যে বাংলা ট্রিবিউনের কথা হয়েছে রমেশচন্দ্র সেন ও নুরুল ইসলাম নাহিদের সঙ্গে।
রমেশচন্দ্র সেন বলেন, ‘কমিটি তো ভালোই হয়েছে। নেত্রী ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন কমিটি কাজ করবে— এটাই এখন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা দেশের মানুষকে কারিগরি শিক্ষা ও সুশিক্ষায় শিক্ষিত করতে চাই— চীন, জাপান, রাশিয়ার মতো শিক্ষিত করতে চাই। বাংলাদেশকে মধ্যমআয়ের দেশ থেকে উন্নত দেশে রূপান্তর করতে চাই।’
নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে ‘কিছু জিজ্ঞেস না করার’ অনুরোধ জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘যে কমিটি নির্বাচিত হয়েছে, তাদের ওপর আমার অবশ্যই সমর্থন আছে। দলের সবারই সমর্থন আছে নতুন নেতৃত্বের প্রতি। এর চেয়ে বেশি আর কোনও মন্তব্য করবো না।’
আওয়ামী লীগের এবারের কমিটির পদবদল হওয়া নেতারা বলেছেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে অতীতের মতো নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে টানা দশম বারের মতো দলের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয়বারের মতো থেকে গেছেন ওবায়দুল কাদের।
তারা বলেন, দলের শীর্ষ এই দুই পদে তো পরিবর্তন আসেনি, পদ বদলেছে কেন্দ্রীয় কমিটির নিচের দিকের কয়েকটি। এগুলো দলীয় প্রধান সার্বিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা মনে করেন। যারা আগের কিমিটিতে ছিলেন, তারা ভালোভাবে দায়িত্ব পালন করেছেন বলেই সপদে বহাল রেখেছেন।
তারা আরও বলছেন, এবারের কমিটিও অতীতের কমিটিগুলোর মতো ভালো কমিটি হয়েছে। নেত্রী যাদের দায়িত্ব দিয়েছেন, তারা ঠিকভাবেই কাজ করবেন। তারা নেত্রীর প্রত্যাশা পূরণে করতে পারবেন। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সাংগঠনিক তৎপরতা জোরদার হবে।
বিদায়ী কমিটির উপদেষ্টা পরিষদ থেকে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন একং সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক একেবারেই ছিটকে পড়েছেন। এর মধ্যে খন্দকার মোশাররফ বিদেশে অবস্থান করায় মন্তব্য জানা সম্ভব হয়নি। আর শাখাওয়াত হোসেন শফিককে মোবাইলে পাওয়া যায়নি।
নতুন কমিটির প্রেসিডিয়ামের দুটি পদ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, যুব ও ক্রীড়া সম্পাদক এবং নির্বাহী সদস্যদের পদগুলো ফাঁকা রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, দলের প্রথম সভাপতিমণ্ডলীর সভায় এসব পদ পূরণ হওয়ার কথা। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এ বৈঠকে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিন সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দলে পদ পাওয়ার জন্য অনেকে আমার কাছে এমনভাবে কান্নাকাটি করছে, মনে হচ্ছে পদ পাওয়াই তাদের জন্য সবকিছু। সেজন্য আজকের দিনটা আমার জন্য খুব চাপের।’
এর আগে রবিবার (২৫ ডিসেম্বর) দলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভা সোমবার সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এই সভায় সভাপতিমণ্ডলীর সদস্যরা দলের কার্যনির্বাহী সদস্যদের মনোনয়ন দেবেন।
প্রসঙ্গত, গত শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সোহহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। দলটির নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচনে কাউন্সিল অধিবেশ হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। সেখানে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের পর কাউন্সিলে প্রাপ্ত ক্ষমতাবলে কমিটি ঘোষণা করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এই কমিটি আগামী তিন বছরের জন্য আওয়ামী লীগকে নেতৃত্ব দেবে।
বিগত জাতীয় সম্মেলনগুলোতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতাদের প্রস্তাব ও সমর্থনে দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আসছে। এবার ২২তম সম্মেলনে তৃণমূল নেতাদের প্রস্তাব ও সমর্থনে আওয়ামী লীগের শীর্ষ এই দুই পদে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।








