তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তোতা পাখি যেমন শিখিয়ে দেওয়া কথার বাইরে কিছু বলতে পারে না, খন্দকার মোশাররফ সাহেবসহ সব বিএনপি নেতার কথাই সেই তোতা কিংবা ময়না পাখির মতো গৎবাঁধা। ১৪ বছর ধরে তারা একই ঢোল বাজাচ্ছেন, কোনও নতুনত্ব নেই। আসলে এই ১৪ বছরে তারা জনগণ থেকে যোজন-যোজন দূরে সরে গেছে।’
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সাম্প্রতিক নানা মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।
তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এ সময় ড. হাছান বলেন, ‘আমরা ৩০ ডিসেম্বর পাল্টা কোনও কর্মসূচি দিচ্ছি না, তবে আমাদের দলীয় নেতাকর্মীরা ঢাকা শহরে বিভিন্ন স্পটে পাহারায় থাকবে। আপনারা দেখেছেন অতীতে তারা রাজনৈতিক কর্মসূচির নামে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জনগণের সম্পত্তি ধ্বংস করেছে, মানুষের ওপর হামলা পরিচালনা করেছে। এমনকি গত ১০ ডিসেম্বর কর্মসূচিকে সামনে রেখে তারা ঢাকা শহরে তাণ্ডব তৈরির চেষ্টা করেছে, যদিও পুরোপুরি সফল হয়নি। এরপরও গাড়িতে আগুন দিয়েছে, ঢাকার বাইরে চট্টগ্রামসহ অন্যান্য জায়গাতেও একই ধরনের বিশৃঙ্খলা-তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। তাদের কর্মসূচি হলেই তো জনগণ একটু ভীতসন্ত্রস্ত থাকে।’
মন্ত্রী বলেন, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা, যাতে দেশের শান্তি, শৃঙ্খলা, স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে। সে জন্য আমাদের দল ঢাকা শহরজুড়ে এবং আমাদের দলীয় নেতাকর্মীরা দেশজুড়ে সতর্ক পাহারায় থাকবে।
ড. হাছান বলেন, রংপুরে ভোট সুষ্ঠু হয়েছে, খুবই সুন্দর নির্বাচন হয়েছে এবং সব প্রার্থীই সন্তোষ প্রকাশ করেছেন। যেহেতু কাউন্সিলর পদে বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থকরা নির্বাচিত হয়েছেন কিন্তু আবার মেয়র পদে আমাদের প্রার্থী কম ভোট পেয়েছেন, সুতরাং সেখানে দুর্বলতা কোন জায়গায় কিংবা হিসাব কোন জায়গায় সেটা সহজেই অনুমেয়।







