সরকার সংকটে নেই, ভয়াবহ সংকটে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার বা বাংলাদেশ কোনও সংকটে নেই। বরং ভয়াবহ সংকটে রয়েছে বিএনপি।’

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন তিনি। এতে বিএনপির মহাসচিবের বক্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর অপপ্রচার’ দাবি করে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষ্যমতে, দুর্নীতির বরপুত্র, একুশে আগস্টের খুনি, সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান নাকি তাদের তথাকথিত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পথপ্রদর্শক। এর মধ্য দিয়েই প্রমাণিত হয় বিএনপি নীতি ও আদর্শের রাজনীতির পথে না চলে অন্ধকারের কানাগলিতে অপরাজনীতির কূটকৌশলকে বেছে নিয়েছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকার বা বাংলাদেশ কোনও সংকটে নেই। বরং ভয়াবহ সংকটে রয়েছে বিএনপি। দেশবাসী ভালো করেই জানে, বহুমাত্রিক সংকটে পর্যুদস্ত বিএনপি এখন জনগণ দ্বারা লাল কার্ড খেয়ে রাজনীতির মাঠে বাউন্ডারির বাইরে অবস্থান করছে। লাগাতার ভুল রাজনীতির চোরাবালিতে আটকে থাকা বিএনপি ক্রমেই দেউলিয়া সংগঠনে পরিণত হচ্ছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম অর্থনীতির ধ্বংসের কথা বলেছেন। তিনি কিছু দিন আগে ‘পাকিস্তান আমলে ভালো ছিলাম’ বলে মন্তব্য করেছিলেন। আজ তাদের সেই পেয়ারে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কী? আর তার বিপরীতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ১৯৯৬-২০০১ সময়কালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার শেখ হাসিনার নেতৃত্বে যে অর্থনৈতিক অগ্রগতির সুধারা রচনা করেছিল, ২০০১-২০০৬ সময়কালে বিএনপির আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে সেই অর্থনৈতিক অগ্রগতির ধারাকে অধঃপতনের দিকে ঠেলে দিয়েছিল।’

তিনি বলেন, ‘আজ অর্থনৈতিক সংকট নিয়ে বিএনপির কথা বলা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে বৈশ্বিক মন্দা ও সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। মির্জা ফখরুল ইসলামের মনোবেদনা আমরা বুঝি, বাংলাদেশ পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো দেউলিয়া না হওয়ায় তাদের সুপ্ত বাসনা মুখ থুবড়ে পড়েছে। দেশবিরোধী ষড়যন্ত্রে বিভোর বিএনপির ক্ষমতা দখলের স্বপ্ন ফিকে হয়ে পড়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিএনপি নেতারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আজ সারা বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। মানবসভ্যতার জন্য হুমকিস্বরূপ এই সংকটকে পুঁজি করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের অপতৎপরতা চালাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের যে কষ্ট হচ্ছে, আমরা সবাই তা জানি।’

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের কষ্ট লাঘবের জন্যই সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকার ফ্যামিলি কার্ড ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা সব দুর্যোগে ও সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট থেকেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অন্যদিকে বিএনপি সংকটকে পুঁজি করে ক্ষমতা দখলের পাঁয়তারায় লিপ্ত থেকেছে, জনদুর্ভোগকে ঘনীভূত করেছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জাতির কাণ্ডারি হিসেবে সফল শেখ হাসিনা কার্যকর পদক্ষেপ গ্রহণের ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিগত সময়ের সব সংকট উত্তরণে সফল হয়েছেন। দেশের মানুষের দুঃখ-দুর্দশা ও দুর্ভোগ লাঘবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনও বিকল্প নেই।’

/এমআরএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের