ঈদের আমেজে আ.লীগ নেতাদের নির্বাচনি প্রচারণা

মাহফুজ সাদি
২১ এপ্রিল ২০২৩, ২০:৫৯আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২০:৫৯

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ ঈদুল ফিতর এবার। এরইমধ্যে ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে বিভিন্ন কর্মস্থল থেকে বিপুল সংখ্যক মানুষ শহর ছেড়ে গ্রামে গেছেন। ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঈদ উৎসবের আমেজে নির্বাচনি প্রচার এগিয়ে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে। দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এবং এমপি-মন্ত্রীরা ঈদের ছুটিতে চলে গেছেন নিজ নিজ এলাকায়। ভোট সামনে রেখে তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নেতারা ঈদের ছুটিতে নির্বাচনি জনসংযোগ বা প্রচারে ব্যস্ত সময় পার করবেন।

ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা জানিয়েছেন, প্রতিবার ঈদের সময় দলের নেতা, এমপি ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় যান। তারা জাকাত, ফিতরা ও দান করে থাকেন। এবার এই পালে হাওয়া লাগিয়েছে আগামী সংসদ নির্বাচন। ভোট সামনে রেখে দলীয় প্রধান শেখ হাসিনা সবাইকে নিজ নিজ এলাকায় গিয়ে কাজ করতে ‘হাফ ডজন’ নির্দেশনা দিয়েছেন। ফলে অন্যান্য বছর যারা এলাকায় যাননি, এবার তারাও গেছেন।

বুধবার (১৯ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্য, ঢাকা মহানগর শাখা ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে যৌথসভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের এলাকায় গিয়ে কাজ করতে বলা হয়। যৌথ সভার পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে কথা বলেন দলটির প্রধান শেখ হাসিনা।

সভায় অংশগ্রহণ করা একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানান, ঈদুল ফিতর ও আগামী নির্বাচন সামনে রেখে ৫-৬টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। সেগুলো হলো— বিরোধীদের সম্ভাব্য নাশকতার ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকা, ঈদের ছুটিতে নিজ নিজ এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করা, সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর এবং সরকারের উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরা, বিএনপির অপশাসন ও দুর্নীতির চিত্র তুলে ধরা এবং তার সঙ্গে আওয়ামী লীগের সময়ের তুলনা করে মানুষকে বোঝানো, স্থানীয় নেতা ও সংসদ সদস্যদের গ্রুপিং না করা এবং যাকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে—তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা, কৃষকদের ধান কাটার ক্ষেত্রে সহযোগিতা করা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং উৎপাদন বাড়াতে অনাবাদি জমি না রাখতে মানুষকে উদ্বুদ্ধ করা। ঈদের ছুটিতে জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে নেতাকর্মীদের বলেছেন শেখ হাসিনা।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (২১ এপ্রিল) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে ঈদের ছুটিতে নেত্রীর নির্দেশনার অপেক্ষায় ছিলাম আমরা। বুধবারের যৌথসভায় সেই নির্দেশনা দিয়েছেন তিনি। এসব নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে নেতাকর্মীরা তৃণমূল পর্যায়, নিজ এলাকায় ছড়িয়ে পড়েছেন।’ তিনি বলেন, ‘দেশে এখনও ২০ ভাগ মানুষ গরিব, তাদেরসহ সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন নেতারা। এর মাধ্যমে জনসম্পৃক্ততার পাশাপাশি নির্বাচনি জনসংযোগ ও প্রচারণায় এগিয়ে থাকা যাবে।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় অন্তত এক ডজন নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয়, স্থানীয় ও এমপি-মন্ত্রীরা এরইমধ্যে নিজ এলাকায় চলে গেছেন। তারা মানুষের কাছাকাছি যাওয়ার সব সুযোগ কাজে লাগাচ্ছেন। আগামী নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় ঈদে বাড়িতে যাওয়া বিপুল সংখ্যক মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে তৃণমূল পর্যায়ে কাজ করছেন দলের সবাই। সেই সঙ্গে অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এটি সহায়ক ভূমিকা রাখবে।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নেত্রীর নির্দেশে এবার রমজান ও ঈদের সময় ইফতার, খাদ্য ও উপহার নিয়ে ভিন্ন আঙ্গিকে জনগণের পাশে দাঁড়িয়েছি আমরা। নির্বাচন সামনে রেখে জনগণের সঙ্গে আরও সম্পৃক্ত হতে তাদের কাছে ছুটে গেছেন নেতাকর্মীরা। তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি, সরকারের সফলতা এবং বিএনপির ষড়যন্ত্রের ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করছেন, নেতাকর্মীদের সতর্ক করছেন।’

কেন্দ্রীয় নেতারা কে কোথায় ঈদ করবেন

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানিয়েছেন, এবারও ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঈদ উদযাপন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঈদের দিন বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সিনিয়র নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু ঢাকার ইস্কাটনের বাসায় ঈদ করবেন। এ জন্য নিজ নির্বাচনি এলাকা ঝালকাঠি-নলছিটি ঘুরে এসেছেন তিনি। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ ঈদ করবেন বনানীর বাসায়, শুভেচ্ছা বিনিময় করবেন নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ করবেন ঢাকায়। তিনিও নিজ নির্বাচনি এলাকা ঘুরে এসেছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী ঢাকায় ঈদ করে নির্বাচনি এলাকায় যাবেন।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ঢাকায় ঈদ করে নিজ নির্বাচনি এলাকায় যাবেন। যদিও তিনি এরইমধ্যে টাঙ্গাইলে ঘুরে এসেছেন। সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও জাহাঙ্গীর কবির নানক ঢাকায় ঈদ করবেন। তারা আগেই নির্বাচনি এলাকা ঘুরে এসেছেন। সভাপতিমণ্ডলীর অপর সদস্য আব্দুর রহমান নিজ এলাকা ফরিদপুরে ঈদ করবেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ নিজের এলাকা চট্টগ্রামে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুরে নিজ এলাকায় এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুরে ঈদ উদযাপন করবেন। দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ দেশের বাইরে ঈদ করলেও নিজ এলাকা কুষ্টিয়ায় ঘুরে এসেছেন সম্প্রতি।

এ ছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, এসএম কামাল হোসেন ঢাকায় ঈদ করবেন, নির্বাচনি এলাকা চাঁদপুরে গেছেন সুজিত রায় নন্দী। দলটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর ঢাকায় ঈদ করে নির্বাচনি এলাকায় যাবেন। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন নিজ নির্বাচনি এলাকা চট্টগ্রামের সাতকানিয়ায় চলে গেছেন। উপ-দফতর সম্পাদক সায়েম খান ও উপপ্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামীম ঈদে ঢাকায় থাকছেন।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের