লবিস্ট দিয়ে বিবৃতি আনা দেশদ্রোহিতার শামিল: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৩, ২১:৩৭আপডেট : ২৫ জুন ২০২৩, ২২:২৫

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, লবিস্ট নিয়োগ করে বিবৃতি আনা দেশবিরোধী অপতৎপরতা ও দেশদ্রোহিতার শামিল। বিএনপি সেই কাজটিই করছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

রবিবার (২৫ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণমাধ্যম উন্নয়ন সংস্থা ‘সমষ্টি’ আয়োজিত ‘পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ বিষয়ে সেরা রিপোর্ট পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে সমসাময়িক বিষয়ের ওপর আলোকপাত করে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। আমাদের দেশ থেকে সেনা, নৌ এবং বিমানবাহিনী, কোস্টগার্ড, পুলিশ সদস্যরাও সেখানে যান। শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে আমরা এখন শীর্ষে রয়েছি। এটি নিয়েও একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। সে কারণে গত কয়েক দিনে কিছু পেশাদার বিবৃতিদানকারী সংগঠন বিবৃতি দিয়েছে।’

তিনি বলেন, ‘যারা আমাদের যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য বিবৃতি দিয়েছিল এবং ২০১৩-১৪-১৫ সালে দেশে যখন মানুষ পোড়ানোর মহোৎসব চলছিল, সেটার বিরুদ্ধে বিবৃতি দেয়নি। আর ইসরায়েলি বাহিনী যখন ফিলিস্তিনের শিশুদের ঢিল ছোড়ার প্রত্যুত্তরে ব্রাশফায়ার করে পাখি শিকার করার মতো মানুষ শিকার করে, সেটির বিরুদ্ধেও তারা বিবৃতি দেয়নি। কিন্তু সেই তারা আমাদের শান্তিরক্ষী মিশন নিয়ে বিবৃতি দিয়েছে। এটির সঙ্গে একটি গভীর ষড়যন্ত্র যুক্ত।’

একদিকে দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, আর অপরদিকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদানের প্রশংসা করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জাতিসংঘের সংশ্লিষ্ট সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা যখন আমাদের দেশ সফর করছেন, তাদের সফরকে উপলক্ষ করেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ— এই বিবৃতি দিয়েছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথেরিন পোলার্ড শনিবার (২৪ জুন) আমাদের স্পিকারের সঙ্গে দেখা করেছেন এবং শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্যদের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। যারা শান্তিরক্ষী মিশনে কাজ করছেন, আমি তাদের অভিনন্দন জানাই।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, ‘‘আগামী নির্বাচনটি হবে দেশে ‘হামিদ কারজাই’ মার্কা কোনও সরকার আসবে, নাকি কোনও তাঁবেদারি সরকার বসিয়ে বিশ্ব বেনিয়ারা তাদের স্বার্থ হাসিল করার জন্য অপচেষ্টা চালাবে, নাকি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ গণতন্ত্র আর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, সেটির ফয়সালা। অর্থাৎ আগামী নির্বাচনটি হবে দেশের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। সে জন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা চাই।’

এর আগে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সাংবাদিকতা পুরস্কার আয়োজনের জন্য গণমাধ্যম উন্নয়ন সংস্থা ‘সমষ্টি’কে ধন্যবাদ ও পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরিসংখ্যানে ২০১৬ সালের চিত্র বলছে, প্রতি বছর বাংলাদেশে ১০ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। এরমধ্যে ৪৩ শতাংশের বয়স ১ থেকে ৪ বছর। পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধযোগ্য এবং আমাদের নদীমাতৃক দেশে সাঁতার জানাটা আবশ্যক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে এনেছি। আশা করি সমন্বিত উদ্যোগের মাধ্যমে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারবো।’

বক্তৃতা শেষে তথ্যমন্ত্রী ১৩ পুরস্কার বিজয়ী—দ্য বিজনেস পোস্টের আরেফিন আপ্পি, চ্যানেল ২৪-এর জিনিয়া কবির সূচনা, দৈনিক প্রথম আলোর পার্থ শঙ্কর সাহা, জাগোনিউজের মাসুদ রানা, সময় ট্রিবিউনের সোহাগী আকতার, দৈনিক ভোরের কাগজের ঝর্ণা মনি, মাছরাঙা টিভি’র কাউসার সোহেলী, দৈনিক ডেইলি স্টারের নীলিমা জাহান, দৈনিক জনকণ্ঠের স্বপ্না চক্রবর্তী, দৈনিক সমকালের জাহিদুর রহমান, দৈনিক কালের কণ্ঠের সজীব আহমেদ, দ্য বিজনেস পোস্টের আসিফ ইসলাম শাওন এবং চ্যানেল আই অনলাইনের আরেফীন তানজীবের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ও ‘সমষ্টি' পরিচালক মীর মাসরুর জামানের সঞ্চালনায় ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক মাঈনুল আলম, বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী সম্পাদক-বার্তা জাহিদুল ইসলাম, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর কমিউনিকেশন্স ম্যানেজার সারওয়ার ই আলম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের