সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনানুষ্ঠানিক এ বৈঠক শুরু হয়। বেলা পৌনে ১টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও বৈঠকটি শেষ হয়নি।
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ও দলের একাধিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা প্রমুখ উপস্থিত আছেন।
অন্যদিকে শিক্ষকদের প্রতিনিধি দলে রয়েছেন— বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, শিক্ষক নেতা অধ্যাপক ড. আবদুর রহিম ও অধ্যাপক শফিউল আলম ভূইয়া প্রমুখ।








