একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে। এতদিন এটি মোটেও বিদ্যমান ছিল না।’
রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার (২৪ ডিসেম্বর) থেকে সারা দেশে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি আশা করে দেশের গর্বিত সেনাবাহিনীর প্রত্যেক সদস্য জনগণের স্বার্থে কার্যকর ভূমিকা পালন করবেন। কোনোভাবেই একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর পক্ষে কাজ করবেন না। সেনাবাহিনী সব সময়ই দেশ ও জাতির সেবায় নিয়োজিত। কোনও ব্যক্তির স্বার্থরক্ষার কারণে তাদের সুনাম ক্ষুণ্ন হতে পারে না।’
নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি জোরালো আহ্বান জানান বিএনপির মহাসচিব।







