ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ‘৬০ জনের তালিকা’য় না থাকা নেতাকর্মীরা। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় পদবঞ্চিত নেতারা কমিটি বাতিলের দাবিতে স্লোগান দেন।
এদিকে, ছাত্রদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে সংবাদ সম্মেলন ডেকেছেন পদবঞ্চিতরা।
ছাত্রদলের একাধিক নেতা জানান, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানের বিরুদ্ধেও বিক্ষোভে স্লোগান দেন নেতাকর্মীরা। পরে বিকালে সোয়া পাঁচটার দিকে বিএনপির কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের অফিস কক্ষে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।
জানতে চাইলে ছাত্রদল নেতা রাশেদ ইকবাল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের সময় যেসব নিয়ম করা হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—১০ শতাংশ ভোট যারা পাননি, তাদের পরবর্তী কমিটিতে রাখা হবে না। কিন্তু সম্প্রতি ঘোষিত আংশিক কমিটিতে এই নিয়ম মানা হয়নি। ধারাবাহিকভাবে ছাত্রদলের আংশিক কমিটিতে ইনজাস্টিজ করা হয়েছে।’
রাশেদ ইকবাল খান আরও বলেন, ‘যারা সংগঠনের ভেতরে সুবিচার নিশ্চিত করতে পারেন না, তারা সংগঠনের জন্য বা দলের জন্য বা খালেদা জিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবেন বলে বিশ্বাস করি না।’ এই কমিটিকে প্রতিহত করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ বলেও তিনি জানান।







