বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) থাকলে মানুষ কোনোদিন নির্বাচিত সরকার পাবে না। তাই এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, ‘ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে অনেকে আমাদের জিজ্ঞাসা করছেন, কেন আমরা এই নির্বাচনে যাচ্ছি? যেখানে দেশের মানুষের ভোটিং ব্যবস্থায় কোনও আস্থা নেই, নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই, নির্বাচন সংশ্লিষ্ট সংস্থার ওপর আস্থা নেই। দেশের মানুষের ভোট প্রয়োগের কোনও সুযোগ নেই, সেখানে কেন যাচ্ছেন? আমরা বলছি, আমাদের দলটি সৃষ্টি হয়েছিল একদলীয় শাসন থেকে বেরিয়ে এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, আইনের শাসন কায়েম এবং মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের এই বিষয়গুলো আদায় করতে হলে প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে।’
তিনি বলেন, ‘ইভিএম হচ্ছে নিঃশব্দে ও নীরবে ভোট চুরির একটা প্রকল্প। ইভিএমের আসল উদ্দেশ্য জনগণের কাছে তুলে ধরতে হবে। আপনারা যে যেখানে যাবেন ইভিএমের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করবেন।’








