জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ঢাকা মহানগর কমিটিকে উত্তর ও দক্ষিণে ভাগ করে দুটি আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সংগঠনের সদস্য মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হচ্ছে, সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা/থানা, পৌরসভাসহ জেলা পদমর্যাদার দেশ-বিদেশের সব কমিটি বিলুপ্ত ঘোষণা; দেশ-বিদেশের সব কমিটি গঠন করার লক্ষ্যে সাংগঠনিক কমিটি গঠন এবং সংস্কৃতিমনা ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা।
জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন, আনিসুল ইসলাম সানি, লিয়াকত আলী, ইথুন বাবু, মো. আহসান উল্লাহ চৌধুরী, জাবেদ আহমেদ কিসলু, শাহরিয়া ইসলাম শায়লা, হাসান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর চিত্রনায়ক হেলাল খানকে আহ্বায়ক ও জাকির হোসেন রোকনকে সদস্য সচিব করে জাসাসের ৭১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি করে বিএনপি। এই কমিটি গঠনের পেছনে বিএনপির দুই সিনিয়র নেতার আর্থিক বাণিজ্য লেনদেনের অভিযোগ করেছেন সংগঠনের বাদপড়া কয়েকজন নেতা।








