‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি ওয়ান ইলেভেনের সরকার ও জেনারেল মঈনের সঙ্গে আপোস করতেন তাহলে তিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী থাকতেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক আলোচনা সভায় দুদু এসব কথা বলেন। জিয়া পরিষদের উদ্যোগে দলের খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনা এবং জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম কবীর মুরাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা করা হয়।
শামসুজ্জামান দুদুর দাবি, জেনারেল মঈনরা গায়ের জোরে সংবিধানকে তছনছ করে ক্ষমতায় ছিল। তারা যেভাবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে শেষ করতে চেয়েছিল একইভাবে বর্তমান নিশিরাতের সরকার তাকে রাজনীতি থেকে অপসারণ করতে চাচ্ছে। কিন্তু জনগণ সেই সুযোগ আর বেশি দিন দেবে না।’
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, ড. শফিকুল ইসলাম, ড. মো এমতাজ হোসেন প্রমুখ।







