অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশের সংবিধান গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের দমন-নিপীড়নের জন্য পুরনো খেলা শুরু হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (৩১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক উদ্বোধনী অধিবেশনের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন দলের অনেকেই আনন্দ পাচ্ছেন। তারা বলছেন, ভিসানীতিতে অংশগ্রহণ নির্বাচনের কথা বলেনি। কি অদ্ভুত যুক্তি! তারা বলছেন অংশগ্রহণমূলক নির্বাচনে কথা বলা হয়নি। অথচ অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আমাদের সংবিধানই গ্রহণযোগ্য হবে না। তাদের (আওয়ামী লীগ সরকার) বিরুদ্ধে লড়তে হবে। তাদের পরাজিত করতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘তারা থাকলে জনগণ ভোটাধিকার ফিরে পাবে না। নিজের ভোট দিতে পারবে না। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। এটা শুধু আমার কথা না। বর্তমান সরকারের অধীনে নির্বাচন কখনই গ্রহণযোগ্য ও সুষ্ঠু হবে না।’
তিনি বলেন, ‘আওয়ামী সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করে, ভ্রান্ত তথ্য দিয়ে তাদের পরিচালনা করতে চায়। অনেক হয়েছে। মানুষকে অনেক বোকা বানিয়েছেন।’
দলীয় নেতাকর্মীদের দমন-নিপীড়নের জন্য পুরনো খেলা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘যত মামলা আছে তা দ্রুত শেষ করবো। মামলাগুলো চালু হয়েছিল সেই তথাকথিত ১/১১ সরকারের সময়। তারা (আওয়ামী লীগ) নিজেদের মামলাগুলো সব তুলে নিয়ে গেছে, খারিজ করেছে। আর বিরোধী দলের মামলাগুলো রেখে দিয়েছে। সেই মামলায় আমাদের এখন সাজা দেওয়া হচ্ছে।’
এখন আর ভয় দেখিয়ে লাভ নেই হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা ফখরুল বলেন, ‘ভয় করেও লাভ নেই। অস্তিত্বের কারণে, বাঁচার জন্য এখন আমাদের বেরিয়ে আসতে হবে। ভয়কে জয় করে তাদের পরাজিত করতে হবে। দেশে প্রতিষ্ঠা করতে হবে সত্যিকারের গণতান্ত্রিক শাসনব্যবস্থা। যেখানে সাংবাদিক লিখতে পারবে। ডিজিটাল সিকিউরিটি আইন থাকবে না। যেখানে মিথ্যা মামলা দিয়ে কাউকে আটক করা হবে না।’
ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও ছিলেন– জামায়াত নেতা আব্দুল হালিম, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, সাংবাদিক নেতা হাই শিকদার, শাহ নেওয়াজ আলী, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, এম এ আব্দুলাহ, শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তব্য দেওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্যদের সম্মাননা প্রদান করেন।









