বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে তারা মিছিল ও বিক্ষোভ করে। মিছিল শেষে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত সমাবেশও করে দলগুলো।
অবরোধের সমর্থনে মিছিল করা দলগুলোর মধ্যে রয়েছে—জাতীয়তাবাদী সমমনা গণতান্ত্রিক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ লেবার পার্টি, গণ অধিকার পরিষদ (নুর-রাশেদ), গণঅধিকার পরিষদ (রেজা-ফারুক), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, 'সফলভাবে সর্বাত্মক অবরোধ পালন করছে জনগণ। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে সরকার। এটা করে কোনোভাবেই আন্দোলন দমন করা যাবে না।'
সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার সভাপতি নুরুল হক নুর বলেন, 'এই অবরোধ সফল করার জন্য আমরা রাজপথে থাকবো। প্রয়োজন হলে জীবন দেবো।'
১২ দলীয় নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে একত্রে জোর আন্দোলন গড়ে তুলেছে।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল বলেন, 'আমাদের এই আন্দোলনে সর্বস্তরের জনগণের সমর্থন রয়েছে। ইনশাআল্লাহ আমরা সফল হবো। শেখ হাসিনার সরকারের পতন এখন সময়ের ব্যবধান মাত্র।'
এদিকে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলা ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে আটকের প্রতিবাদে রাজধানীসহ সারা দেশব্যাপী টানা দিন দিন অবরোধ কর্মসূচির প্রথমদিন পালন করেছে বিএনপি। দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আহত ও গ্রেফতার হয়েছেন বলেও অভিযোগ করা হয় দলের পক্ষ হতে।









