বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের অভাবনীয় গণঅভ্যুত্থানে তাদের ত্যাগ, কষ্ট ও জনগণকে ঐক্যবদ্ধ করার কারণে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে। এটা একটা বিশাল সাফল্য। এজন্য আমি ছাত্রদের হাত তুলে স্যালুট জানাই। শেখ হাসিনা সরকারের পতনের পর কীভাবে দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য সেনাবাহিনীসহ তিন বাহিনীর প্রধান আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। তারই প্রেক্ষিতে এসে আমরা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক থেকে বেরিয়ে রাতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী অতিদ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। সেই সরকার ৩ মাসের মধ্যে নির্বাচন দেবে। দ্বিতীয় সিদ্ধান্ত হয়েছে, বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে।
এছাড়া এই আন্দোলনকে কেন্দ্র করে যাদের আটক করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সরকার (অন্তর্বর্তীকালীন) গঠন হওয়ার সম্ভাবনা আছে। সেই সরকার ৩ মাসের মধ্যে নির্বাচন দেবে।
অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন ও কে প্রধান হবেন‑ তার জন্য একটি আলোচনার দরকার। সেটা নিয়ে এখনও বসার সুযোগ হয়নি। আমরা আমাদের দলের সঙ্গে বৈঠক করে তার সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসবো।







