ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর যে গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছিল ছাত্রজনতার আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজ গণতন্ত্র ফিরে এসেছে। আর সেই গণতন্ত্রকে নস্যাৎ করার চক্রান্ত করছে পতিত আওয়ামী লীগ। তারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন দাবি আদায়ের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার (২৬ আগস্ট) রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইয়ামিনের পরিবারের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় নিরব আরও বলেন, ‘হঠাৎ করে যৌক্তিক এবং অযৌক্তিক কিছু দাবি নিয়ে কারও কারও এজেন্ডা বাস্তবায়ন করতে দেশের পরিস্থিতি দেশকে উত্তপ্ত করার অপচেষ্টা করছে। এসব ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের সকল অবকাঠামো ধ্বংস করে এখন দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।’
এসময় উপস্থিত ছিলেন— বিএনপি নেতা এমএ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক এজিএম শামসুল হক, আব্দুল কাদের, বাড্ডা থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. বাবুল হোসেন মীর প্রমুখ।









