বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমার দলের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে, বাংলাদেশে আর কোনও ব্যক্তি যেন গুম না হয়, সেটি নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘ কর্তৃক গৃহীত গুম প্রতিরোধ-সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন (আইসিপিপিইডি) অনুস্বাক্ষর করবো।’
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। দেশের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এতে সই করেন।
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তারেক রহমান বলেন, ‘সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইসিপিপিইডি অনুসারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করবো ইনশাআল্লাহ। মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায়বিচার হতেই হবে।’
‘গুম মানবতাবিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় লাখ লাখ দেশবাসীর মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন। রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে এটি প্রয়োগ করা হয়।’
তিনি উল্লেখ করে বলেন, ‘শেখ হাসিনার দুঃশাসনে গুমকে ব্যবহার করা হয়েছে জনসমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য। নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে যে ২০০৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। এটি অত্যন্ত পীড়াদায়ক, আজ পর্যন্ত একটি ঘটনারও ন্যায়বিচার পাওয়া যায়নি।’








