জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে ঢাবি শাখা ছাত্রদল। বুধবার (১ জানুয়ারি) ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জান শিপন ও ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
রাকিবুল ইসলাম বকুল বলেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করা জরুরি। বিগত বছরগুলোতে যে ধরনের ছাত্র রাজনীতি পরিলক্ষিত হয়েছে তা ছিল ভয়ংকর। শিক্ষার্থীরা ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন। তবে ছাত্রদল সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করবে।
তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনাকে ধারণ করে ছাত্রদল আগামীর ছাত্র রাজনীতি সবার মাঝে ছড়িয়ে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করার জন্য ঢাবি শাখা ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যাশা করছি এই আয়োজন সফলভাবে শেষ হবে এবং আগামীতেও এ ধরনের আয়োজন করবে। এতে সাহায্য করবে কেন্দ্রীয় ছাত্রদল।
তিনি জানান, সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা বাংলাদেশে এক নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করবো। আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।









