বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন সবদিক দিয়ে পরিপূর্ণ একজন সফল মানুষ। রাজনীতিতে তার মতো নেতৃত্বের শূন্যতা জাতি দীর্ঘদিন অনুভব করবে। পরিশীলিত ধারার রাজনীতি চর্চা করেছেন তিনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান সদ্য প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন মো. বাবরের সঞ্চালনায় স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন— স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইয়েদ আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
আরও উপস্থত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, শামসুজ্জামান দুদু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনায় ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন।
উল্লেখ্য, আব্দুল্লাহ আল নোমান গত ২৫ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি তার সহধর্মিণী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।








