অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো প্রস্তাব নিয়ে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি। শনিবার (২২ মার্চ) দলের গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র এ প্রতিবেদককে জানায়, সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। ভার্চুয়ালি তিনি লন্ডন থেকে যুক্ত হবেন।
তারেক রহমান অংশগ্রহণ করলে এটাই হবে প্রথম কোনও সংবাদ সম্মেলন, যাতে তিনি লন্ডন থেকে যুক্ত হচ্ছেন। মূলত সরকারকে সংস্কার নিয়ে দলের অবস্থান কতখানি গুরুত্বপূর্ণ, তার বার্তা দিতেই তিনি উপস্থিত থাকছেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্রগুলো।
দলীয় নির্ভরযোগ্য সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, সংস্কার নিয়ে বিএনপি বেশ কিছু বিষয়ে দ্বিমত প্রকাশ করছে। বিশেষ করে জরুরি কিছু বিষয়ে নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার আনা যাবে না, তা স্পষ্ট করে আজ জানাবে বিএনপি।
কিছু প্রাথমিক সংস্কারে সম্মতি দিলেও গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচিত সংসদের ওপরই ছেড়ে দেওয়ার পক্ষে বিএনপির হাইকমান্ড। আর এর পরিষ্কার অবস্থান আজ সরকারের সামনে তুলে ধরবে দলটি।
আজ শনিবার সকাল ১১টা নাগাদ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।








