শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’র প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দিন অভিযোগ করে বলেন, পুরান ঢাকায় এক ব্যবসায়ী হত্যাকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে।
তিনি বলেন, গত এক সপ্তাহে আরও কয়েকটি হত্যাকাণ্ড হলেও এগুলো নিয়ে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা কোনও শিক্ষার্থীকে বিভ্রান্ত করছেন না। শুধু মিটফোর্ডের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। এমনকি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংগঠনের অবস্থান পরিষ্কার করতে চান। কিন্তু কোনও ধরনের বিশৃঙ্খলা করতে চান না।
পরে বিকাল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সেটি কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরসহ রাজধানীর নানা বিশ্ববিদ্যালয়, কলেজ, থানাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









