জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজের পর এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা মসজিদকে একটি পবিত্র স্থান হিসেবে দেখি। কিন্তু একটি বিশেষ গোষ্ঠী মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। ফজরের নামাজের পর তারা মসজিদে বসে বৈঠক করছে, কাকে কিভাবে গালিগালাজ করতে হবে, তা পর্যন্ত নির্ধারণ করছে। আমরা ইসলামপন্থীদের শ্রদ্ধা করি, কিন্তু কেউ যেন মসজিদকে অপব্যবহার না করতে পারে, সে বিষয়ে সবার সচেতন থাকা উচিত।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ। কিন্তু এর মধ্যেই একটি হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে গেছে—মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন শহীদ হয়েছেন। আমরা তাদের জন্যও দোয়া করছি এবং নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছিল, তার বিচার এখনো শুরু হয়নি। যারা শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালিয়েছে, তাদের বিচারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। এমনকি যারা এই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, সেই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিও কোনো বিচার বা প্রশাসনিক পদক্ষেপ দৃশ্যমান নয়।’
দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









