তারেক রহমানের প্রত্যাবর্তন

বিমানবন্দর স্টেশনে নেতাকর্মীদের ঢল, কমলাপুরে প্রভাব কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশ থেকে বাস ও ট্রেনে করে ঢাকায় আসছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। গতকাল থেকেই ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে বিএনপি সমর্থকদের ভিড় দেখা গেলেও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গণসংবর্ধনামুখী কোনও ভিড় লক্ষ্য করা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, সকাল সোয়া ৮টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশনে এ সংক্রান্ত কোনও ভিড় বা স্লোগান দেখা যায়নি। তবে সাধারণ নিয়মিত যাত্রীদের স্বাভাবিক ভিড় কিছুটা লক্ষ্য করা গেছে।

রেলওয়ের একাধিক সূত্র জানিয়েছে, তারেক রহমানের অভ্যর্থনা উপলক্ষে অধিকাংশ ট্রেন বিমানবন্দর রেলস্টেশন হয়ে আসবে। সেখান থেকে পূর্বাচলে যাওয়া তুলনামূলকভাবে সহজ হওয়ায় কমলাপুরে এ সংক্রান্ত ভিড় হওয়ার সম্ভাবনা কম।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যারা অভ্যর্থনায় অংশ নিতে আসবেন, তারা বিমানবন্দর স্টেশনেই নামবেন। কারণ কমলাপুরে নামলে পূর্বাচলে যেতে তাদের জন্য কষ্টসাধ্য হবে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চল থেকে আসা দুটি ট্রেন—যশোর ও খুলনা স্পেশাল—কিছুটা ভিড় তৈরি করতে পারে। যশোর থেকে ছেড়ে আসা যশোর স্পেশাল ইতোমধ্যে রাত ৩টায় পৌঁছেছে। আর খুলনা স্পেশাল সকাল ৯টায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত নির্বিঘ্ন করতে ১০টি রুটে ২০টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে কয়েকটি নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যবস্থার কারণে ২৫ ডিসেম্বর স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত থাকার কথা রয়েছে।

গত সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) ও রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের যাত্রা ওই দিনে স্থগিত থাকবে। বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ে জানায়, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে নেতাকর্মীদের যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন ও কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

চাহিদার ভিত্তিতে যে রুটগুলোতে স্পেশাল ট্রেন চলবে, সেগুলো হলো—কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর। নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এসব ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আদায় হবে বলে জানিয়েছে রেলওয়ে।

তবে তিনটি ট্রেনের একদিনের যাত্রা স্থগিত থাকায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। একইসঙ্গে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ ব্যবহারের ক্ষেত্রে নির্বাচনি আচরণবিধি-২০২৫ যথাযথভাবে অনুসরণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে মঞ্চ নির্মাণসহ প্রস্তুতির কাজ চলছে। দীর্ঘ প্রায় দেড় যুগ পর আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান।

/এএসএ/এম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী