বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমান জুলাই অভ্যুত্থানের শহীদের কবর জিয়ারত করতে গেলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হবে না। এ বিষয়টি জনগণের প্রত্যাশা ছিল। তিনি আগেই যেতে চেয়েছিলেন। তবে বিভিন্ন কারণে সেই যাত্রাটা সম্ভব হয়ে উঠেনি। আমরা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করি এবং সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে চাই। সবার কাছে অনুরোধ, এর মর্যাদা যেন আমরা প্রশ্নবিদ্ধ না করি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে চার দিনের জন্য উত্তরবঙ্গের ৯টি জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। অনেকে এ বিষয়টিকে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করছেন। আমরা মনে করি, এটি সঠিক নয়। দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে তিনি যেতেই পারেন।
তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতেই তারেক রহমানের সেখানে যাওয়া। আমরা শহীদদের মর্যাদা আরও মহিমান্বিত করতে চাই। তিনি শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এতে জনগণের প্রত্যাশাকে ধারণ করা হবে। আমরা যেন সেই দৃষ্টিকোন থেকে বিষয়টিকে দেখি।
বিএনপির ছেড়ে দেওয়া শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে সালাহ উদ্দিন বলেন, একটি বড় দল হিসেবে অনেকেরই মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু বৃহত্তর স্বার্থে ও সংসদে বহুদলীয় প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু আসন ছেড়ে দিতে হয়েছে। কারণ বিগত ফ্যাসিবাদী আমলে এই দলগুলোর নেতাদের ত্যাগ আছে। আবার আমাদের নেতারাও অনেক যোগ্য। তারপরও যারা দলীয় নির্দেশনা অমান্য করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আশা করি, হয়তো তারাও দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন।








