বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, সম্পদ সৃষ্টির মাধ্যমেই দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজন মেটাতে হবে। তবে এর জন্য দরকার সঠিক পরিকল্পনা।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল অ্যাডভোকেসি অ্যালায়েন্স ফর ওয়ার্কার্স রাইট আয়োজিত ন্যাশনাল কনভেনশন অন লেবার মেনিফেস্টো শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান প্রশ্ন রেখে বলেন, শ্রমিকের অধিকার বাস্তবায়নের বিষয়টি ৫৪ বছর আগে থেকেই আমাদের সংবিধানে লিখিত আকারে আছে। তাহলে এ বিষয়ে কেন আজ আবার নতুন করে দাবি তুলতে হচ্ছে? আজকে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আমরা যে দাবি-দাওয়ার কথা বলছি, সেটি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ সংগ্রহ।
অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সহায়তায় একটি পূর্ণাঙ্গ ‘শ্রমিক ইশতেহার’ ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, এই ইশতেহার বাস্তবায়নে তাদেরকেই মূল দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, যারা ক্ষমতার বাইরে থাকবে, তাদের দায়িত্ব হবে এই ইশতেহার বাস্তবায়নে সরকারকে চাপ প্রয়োগ করা।
নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের যে দাবিগুলো ইশতেহারে উঠে এসেছে, আমরা আশা করি— সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো এগিয়ে আসবে। জনগণ ও দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের অধিকার নিশ্চিতের দায়িত্ব রাজনীতিকদেরই নিতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে। আর শ্রমজীবী মানুষ সেই জনগণের একটি বিশাল অংশ। যেকোনও বিবেচনায় তারা রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।









