চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে, চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ঋণ সংক্রান্ত বিষয়ে আপিল শুনানির পর রবিবার (১৮ জানুয়ারি) ইসি এই সিদ্ধান্তের কথা জানায়।
এর আগে রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে তিনটি আপিল করা হয়েছিল। ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক, এশিয়া ও একই আসনের জামায়াতের প্রার্থী ইউসূফ সোহেল আপিল করেছিলেন। আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে বহাল রাখে ইসি।
শুনানিতে ইসি আব্দুর রহমানেল মাসুদ আসলাম চৌধুরীর উদ্দেশ্যে বলেন, “মানুষ হিসেবে বলছি, টাকাটা দিয়ে দিয়েন।”
এদিকে, সারোয়ার আলমগীরও রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে আপিল করা হয়েছিল। জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন আপিলটি করেছিলেন। শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করেন কমিশন।









