বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমাদের অনুকূলে নির্বাচনি মাঠ থাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে একটি পক্ষ। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ঢাকা-১৫ আসনের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষি। আনুষ্ঠানিক প্রচারণার আগে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ কাম্য নয়। বিএনপি থেকে এ ধরনের কোনও কাজ করা হচ্ছে না।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তারেক রহমানে সিলেট সফর, নির্বাচনি থিম-সং ও ঢাকা-১৫ আসনে সংঘর্ষের বিষয়ে বিস্তারিত কথা বলেন ড. মাহদী।
তিনি বলেন, আজ রাতে ৮টা ১৫ মিনিটে বিমানে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন এবং ইসি প্রণীত তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে প্রচারণায় নামবেন তিনি। এদিন সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগদান করবেন।
লিখিত বক্তব্যে মাহদী আমিন আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণঅভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতানের ভূমিকা ছিল অভূতপূর্ব। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন, প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী, শীর্ষ নেতাকে পর্যায়ক্রমে সফরসঙ্গী করবেন।
তিনি জানান, সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশকিছু সংগ্রামী ও তরুণ নেতা।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জানান, নির্বাচনি প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনি থিম সং উম্মোচন করা হবে। আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতারা।









