ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি থিম-সং প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই থিম-সংয়ের মাধ্যমে সারা দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির নেতারা।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম-সংয়ের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
থিম-সংয়ে ‘ভোট দিবেন কীসে ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’-সহ বিএনপির একাধিক নির্বাচনি স্লোগান যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অত্যন্ত দৃঢ়, তেমনি আমরা বিশ্বাস করি এক দৃঢ় রাষ্ট্রীয় দর্শনে—‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, যার প্রতীক ধানের শীষ।
তিনি বলেন, এই প্রতীককে শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেননি, তেমনি আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে। তিনি আশা প্রকাশ করেন, এই থিম-সংয়ের মাধ্যমে ধানের শীষের পক্ষে সারা দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমীন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।









