ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করবে তার দল। মেধাবীদের জন্য যুতসই সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তারেক রহমানের পরিকল্পনায় এ বিষয়গুলো রয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী ক্লাব অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উদ্যোগে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় বিষয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, আমরা সরকার গঠনের সুযোগ পেলে স্কুল-কলেজ, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেলস্টেশন ও বিমানবন্দরসহ নির্দিষ্ট জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট দেবো। এতে দেশের সবাই সহজে তথ্য নিতে ও আধুনিক সেবা ব্যবহার করতে পারবে।
তথ্যপ্রযুক্তি খাতে বিএনপি ১০ লাখ কর্মসংস্থান তৈরি করবে জানিয়ে তিনি বলেন, ফ্রিল্যান্সারদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পেপ্যাল আনতে এরইমধ্যে কাজ শুরু করেছে তার দল।
বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান বলেন, ৯৫ শতাংশ জনগণকে উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনতে চায় বিএনপি। সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে ন্যাশনাল ই-ওয়ালেট চালু করা হবে। এ বিষয়গুলো বিএনপির নির্বাচনি ইশতেহারে স্থান পাবে।
অনুষ্ঠানে আরও ছিলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান।








