বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যারা গাড়িতে আগুন দিচ্ছে তারা সন্ত্রাসী বাহিনী, কোনও রাজনৈতিক দল নয়। তারা নিজের দেশের মানুষকে ঝুঁকিতে ফেলছে। বাংলাদেশের মানুষ আবার ফ্যাসিবাদ চায় না। কিন্তু ফ্যাসিবাদী শক্তি জ্বালাও পোড়াও করে আবার ফিরতে চাইছে। অতীতের মতো এবারও দেশের মানুষ তাদের প্রতিহত করবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশকে আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলছে, তারা কোনও রাজনৈতিক দল নয়।
তিনি বলেন, ৫২-৭১ এর চেতনা মানুষকে মত প্রকাশের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। অতীতে পাঠ্যপুস্তকে রাজনৈতিক পক্ষপাতের মাধ্যমে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা বার বার হোঁচট খেয়েছে। আওয়ামী লীগ পাঠ্যপুস্তকে ব্যবহার করেছে নিজেদের ইচ্ছেমতো।
ঢাকা কলেজের অবদান সম্পর্কে তিনি বলেন, এই বিদ্যাপীঠ শুধু বরেণ্য রাজনীতিবিদই তৈরি করেনি, অনেক কবি সাহিত্য লেখক, সাংবাদিক তৈরি করেছে। তিনি এই প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
শিক্ষা প্রতিষ্ঠানে সহঅবস্থান নিশ্চিত করার তাগিদ দেন রিজভী।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আহ্বায়ক আব্দুস সালাম বলেন, গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে পাশ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।