কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের পাঁচ যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (২১ জুন) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই শোক জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, আজ ২১ জুন কাতারের স্থানীয় সময় দুপুর ১২টায় সানাইয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জন বাংলাদেশিসহ ছয় জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীরভাবে ব্যথিত, শোক প্রকাশ করছি, নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও তাদের ধৈর্যধারণের জন্য মহান আল্লাহর কাছে তাওফিক কামনা করছি।
জামায়াত সেক্রেটারি বলেন, আমরা জানতে পেরেছি, নিহত বাংলাদেশিরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন– কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।
তিনি আরও বলেন, নিহত প্রবাসীরা নিজেদের শ্রম দিয়ে উপার্জন করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখাসহ পরিবারের স্বচ্ছলতায় ভূমিকা রেখেছিলেন। তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে দেশ ও পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানাচ্ছি।








