বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইলেকশনস অ্যান্ড ডিজিটালাইজেশন, ইন্টারন্যাশনাল আইডিইএ’র একটি প্রতিনিধি দল। এসময় আইডিইএ’র কাছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে অভিযোগ জানিয়েছে দলটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জামায়াত কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আইডিইএ’র প্রতিনিধি দলে ছিলেন প্রিন্সিপাল অ্যাডভাইজার পিটার ওলফ এবং কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. আব্দুল আলীম।
বৈঠকে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেছে জামায়াত। এছাড়া নির্বাচনে পোস্টাল ব্যালটের জটিলতা ও ভেরিফিকেশনের সমস্যা, সার্ভার ডাউন হওয়ার কারণে প্রবাসীদের নিবন্ধন করতে না পারার মতো সমস্যাগুলোর অভিজ্ঞতা তুলে ধরা হয়।
পাশাপাশি নির্বাচনে কালো টাকার ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিছু মিডিয়ার একপেশে ভূমিকার বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনগুলো যাতে নিরপেক্ষ হয়, সেজন্য উভয় পক্ষ বেশকিছু বিষয়ে একমত হয়েছেন।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।