জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, বাংলাদেশ একটি দ্বন্দময় ও রাজনৈতিক টালমাটাল সময় পার করছে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস ও আস্থা আছে। বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠ ভোটের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি বলেন, তাদের অনেক সীমাবদ্ধতা থাকে। সে সত্ত্বেও তারা চেষ্টার কোনও ত্রুটি রাখবে বলে আমাদের মনে হচ্ছে না।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমরা আশা রাখি, নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা রেখে, তার শপথ বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে। সবার অংশগ্রহণে একটি সুন্দর ভোটের মাধ্যমে দেশে নতুন গণতন্ত্রের আলো প্রস্ফুটিত হবে— এটা আমরা কামনা করি।
এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব জানান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের যে সম্ভাব্য তারিখ জানানো হয়েছে, তা নিয়ে তাদের কোনও আপত্তি নেই। তবে তারা সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ মনে না করলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ওপর তাদের আস্থা আছে। এছাড়া নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে বলেও জানান তিনি।
দলের অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়ে চলমান সংকট প্রসঙ্গে শামীম হায়দার পাটোয়ারী জানান, তাদের গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরই দলের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের ক্ষমতাও শুধু তারই আছে। সিভিল কোর্টের নির্দেশে জিএম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে সাময়িক নিষেধাজ্ঞা থাকলেও দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বহিষ্কার আদেশ এখনও কার্যকর আছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ অবৈধ। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আইনগতভাবে জিএম কাদেরের পক্ষেই লাঙল প্রতীক থাকবে।
ইসলামী আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবির বিষয়ে জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, নির্বাচনি আইনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার কোনও শর্ত পূরণ হয়নি। নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রয়োজন এবং কাউকে অযোগ্য ঘোষণা করা হলে, তা গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ক্ষতিকর।









