বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ ফেব্রুয়ারি সিলেট যেতে পারেন। ওই দিন সড়ক পথে তিনি ঢাকা থেকে সিলেট যাবেন। সিলেটে একদিন অবস্থানের পর ৬ ফেব্রুয়ারি আবার সড়ক পথেই ঢাকা ফিরে আসবেন। সিলেট বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রে এই তথ্য জানা গেছে। তবে খালেদা জিয়ার সিলেট সফরের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
জানা গেছে, সিলেটে পৌঁছার পর খালেদা জিয়া হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। সেদিন রাতে তিনি সিলেট সার্কিট হাউজেই অবস্থান করবেন। ৬ তারিখ ঢাকার উদ্দেশে রওনা হবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাহের শামিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার সিলেট সফরের বিষয়ে আলোচনা চলছে। বিষয়টি চূড়ান্ত হলে জানাবো।’
বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার সিলেট সফরের সম্ভাবনা আছে। তবে বিষয়টি এখনও আলোচনাধীন।’
খালেদা জিয়ার সিলেট সফরের উদ্দেশ্য সম্পর্কে নেতাকর্মীরা কিছু জানাতে পারেননি। আগামী ৮ ফেব্রুয়ারি জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেওয়ার দিন ধার্য রয়েছে।
উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি গণসংযোগ শুরু করতে গত ৩০ জানুয়ারি সিলেট সফর করেন। ১ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।








