সরকারের বিরুদ্ধে আবারও যে কোনও সময় কঠোর আন্দোলন শুরু হওয়ার হুমকি দিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেছেন, সবাই এই সরকারের বিদায় চায়। এজন্য যে কোনও সময় আন্দোলন শুরু হবে। এজন্য সবাইকে ভরসা রাখতে হবে এবং সতর্ক ও প্রস্তুতি নিয়ে থাকতে হবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী কৃষক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, সরকার জানে তার পায়ের নিচে মাটি নাই। জনগণ যদি একবার জেগে উঠে তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। যার কারণে গতকাল আমাদের একটি সমাবেশ ছিল, তা করতে দেয় নাই। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে তারা শুধুমাত্র পুলিশের ওপর প্রশাসনের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে।
খালেদা জিয়াকে আর বেশি দিন কারাগারে থাকতে হবে না মন্তব্য করে সেলিমা রহমান বলেন, স্বৈরশাসকের পতন হঠাৎ করেই হয়। এই সরকারের পতনও হঠাৎ করেই হবে। কারণ, আজ দেশের প্রতিটি ঘরে ঘরে সাধারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠছে। কেউ আর এই সরকারকে চায় না। সবাই এই সরকারের বিদায় চায়।
তিনি বলেন, এই সরকারের আমলে নারীরা নির্যাতিত ও মানুষের ভোটের অধিকার নাই। অন্যদিকে মেধাবী ছাত্রদেরকে হত্যা করা হয়। যার কারণে দেশের সকল জনগণ আন্দোলনের জন্য উত্তপ্ত, কাজেই যেকোনো সময় আন্দোলনের স্ফূলিঙ্গ হতে পারে। তাই আমাদেরকে সবসময় আসা ভরসায় থাকতে হবে এবং সতর্ক হয়ে প্রস্তুতি নিয়ে থাকতে হবে।
বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মো. জসিম, আলহাজ নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।







