স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে অপসারণ করে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের দাবি করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘মহামারির ভয়াবহ ঊর্ধ্বগতি প্রতিরোধে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির মাধ্যমে অনতিবিলম্বে ফিল্ড হাসপাতাল তৈরি করে করোনার চিকিৎসায় সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে।’
বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন।
তিনি মনে করেন, সরকার অভাবী মানুষের দায়িত্ব নিতে না পারায় লকডাউন ভেঙে পড়ছে। গরিবদের দায়িত্ব না নিতে পারলে কারফিউ দিয়েও মানুষকে ঘরে রাখা যাবে না।
সাইফুল হক বলেন, ‘এখন দলবাজির সময় নয়, রাজনৈতিক বিরোধীদের ঘায়েল করারও সময় নয়। সকল বিরোধী দল, জনগণ ও পেশাজীবীদেরকে আস্থায় নিয়ে মহামারি মোকাবিলা ও তা থেকে উত্তরণের রাস্তা বের করতে হবে।’








